ইরানের হামলায় বাহরাইনে আহত হয়ে চিকিৎসাধীন দুই বাংলাদেশি প্রবাসীকে দেখতে হাসপাতালে গেছেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার। বুধবার (৪ মার্চ) তিনি কিং হামাদ হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন।
আহত দুই প্রবাসী চিকিৎসাধীন
বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সাম্প্রতিক হামলায় গুরুতর আহত বাংলাদেশি প্রবাসী নাজিমউদ্দিন ও কামরুল ইসলাম বর্তমানে কিং হামাদ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাহরাইন ডিফেন্স ফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আহত এই দুই প্রবাসীকে দেখতে যান।

চিকিৎসায় সন্তোষ, দ্রুত সুস্থতার প্রত্যাশা
পরিদর্শনকালে রাষ্ট্রদূত আহতদের চিকিৎসার অগ্রগতি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। চলমান চিকিৎসাসেবায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং আহত দুই প্রবাসীর দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের প্রতি সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাসও দেওয়া হয় রাষ্ট্রদূতের পক্ষ থেকে।


