মক্কায় ভারী বৃষ্টির আশঙ্কা, সর্বোচ্চ সতর্কতা জারি

সৌদি আরবের পবিত্র মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ। বুধবার (২৬ আগস্ট) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, প্রদেশটির বিভিন্ন এলাকায় আবহাওয়া পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। ভারী বৃষ্টির ফলে আকস্মিক বন্যা, জলাবদ্ধতা ও অন্যান্য বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি জলাবদ্ধ বা প্লাবিত এলাকা, উপত্যকা ও বাঁধের আশপাশ এড়িয়ে চলতে বলা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যে নিরাপত্তার জন্য সরকারি সংশ্লিষ্ট বিভাগের নির্দেশনা মেনে চলার আহ্বানও জানানো হয়েছে।

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্রের সতর্কতা ব্যবস্থায় ‘রেড অ্যালার্ট’ হলো সর্বোচ্চ স্তরের সতর্কতা। চরম আবহাওয়া এবং প্রাণহানিসহ বড় ধরনের ঝুঁকির আশঙ্কা থাকলে এই সতর্কতা জারি করা হয়।

গত কয়েক দিন ধরেই মক্কা প্রদেশের বিভিন্ন এলাকায় অস্থিতিশীল আবহাওয়া বিরাজ করছে। এর আগে ২১ আগস্ট আল-আরদিয়াত ও আল-কুনফুদাহ এলাকায় ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি ও বজ্রপাতের পাশাপাশি আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছিল।

আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দূরে থাকতে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top