ড. ইউনূসের অভিনন্দন পেলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুলকে অভিনন্দন জানান তিনি।

বার্তায় ড. ইউনূস বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথচলা পাঁচ দশকেরও বেশি সময়ের। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গেও তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা গভীরভাবে যুক্ত। সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, সংকটকালে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা এবং তৃণমূলের মানুষের সঙ্গে কাজের অভিজ্ঞতার কারণে তিনি জাতীয় রাজনীতিতে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন বলে উল্লেখ করেন ড. ইউনূস।

ড. ইউনূসের অভিনন্দন পেলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল

তিনি আরও বলেন, একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিবিদ ও নীতিবান ব্যক্তি হিসেবে মির্জা ফখরুল নতুন দায়িত্বের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরও সমুন্নত রাখবেন বলে তিনি বিশ্বাস করেন।

নবনির্বাচিত রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধি, ন্যায়বিচার ও গণতন্ত্রের পথে এগিয়ে যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন ড. ইউনূস। একই সঙ্গে মির্জা ফখরুলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনে তার সাফল্য কামনা করেন তিনি।

এর আগে জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট। এই ফলের মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top