চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, সাগরে ট্রলারকে সতর্কতা

মৌসুমি নিম্নচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্কভাবে উপকূলের কাছাকাছি চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) জারি করা আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ সতর্কতা জানানো হয়। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে থাকা মৌসুমি নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে বর্তমানে ভারতের ঝাড়খণ্ড ও আশপাশের এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্য বেশি থাকায় ঝোড়ো আবহাওয়া অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতাও।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে বিশেষ সতর্কতা অবলম্বন করে উপকূলের কাছাকাছি চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top