এলএনজি কার্গো সংকটে আবারও তীব্র হচ্ছে গ্যাস সরবরাহ

সময় মতো এলএনজিবাহী কার্গো না আসায় মহেশখালীর এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ প্রায় বন্ধ হওয়ার পথে। টার্মিনালের মজুত প্রায় শেষ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে এখন মাত্র ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস যাচ্ছে। এতে শিল্পকারখানা, সিএনজি স্টেশন ও বাসাবাড়িতে গ্যাস সংকট আরও তীব্র হয়েছে।

সংশ্লিষ্টদের আশঙ্কা, আগামী ২৩ আগস্টের আগে নতুন কোনো এলএনজি কার্গো না এলে অন্তত আরও এক সপ্তাহ সংকট অব্যাহত থাকতে পারে। এর মধ্যেই পরিস্থিতি সামাল দিতে সোমবার রাতে জরুরি বৈঠক করে স্পট মার্কেট থেকে দুটি এলএনজি কার্গো কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জানা গেছে, এলএনজি সংকটের কারণে সামিটের ভাসমান টার্মিনালসহ এলএনজি থেকে সর্বশেষ ৫৩৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ হয়েছে। এর সঙ্গে দেশীয় উৎস থেকে এসেছে ১ হাজার ৬০৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। এক্সিলারেটের টার্মিনালে মজুত ফুরিয়ে আসায় সেখান থেকে সরবরাহ নেমে এসেছে মাত্র ৫০ মিলিয়ন ঘনফুটে।

এলএনজি কার্গো সংকটে আবারও তীব্র হচ্ছে গ্যাস সরবরাহ

আগস্টে সরাসরি ক্রয়পদ্ধতিতে কেনা চারটি এলএনজি কার্গো আসার কথা ছিল। কিন্তু সোমবার পর্যন্ত এর একটিও দেশে পৌঁছায়নি। এসব কার্গো কবে আসবে, তা নিয়েও এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের মতে, আগামীকাল এক্সিলারেট এনার্জির বর্তমান কার্গো পুরোপুরি গ্যাসশূন্য হয়ে যাবে।

এদিকে সোমবার একটি এলএনজি কার্গো আসার কথা থাকলেও সেটি পৌঁছায়নি। সৌদি আরব থেকে আসা আরেকটি কার্গোও গ্রহণ করেনি টার্মিনাল পরিচালনাকারী মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি। স্থানান্তরের সময় ঝুঁকি থাকার কথা উল্লেখ করে তারা ওই কার্গো নিতে অস্বীকৃতি জানায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এক্সিলারেটের ভাসমান টার্মিনাল গ্যাস সরবরাহের জন্য প্রস্তুত থাকলেও সেখানে দেওয়ার মতো কোনো এলএনজি কার্গো নেই। সংকট মোকাবিলায় আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে পাঁচটি কার্গো কেনার জন্য জরুরি দরপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে দুটি কার্গোর জন্য দর পাওয়া গেলেও বাকি তিনটির জন্য কোনো কোম্পানি প্রস্তাব দেয়নি।

সাধারণত দেশে প্রতি মাসে ১০টি এলএনজি কার্গো আমদানি করা হয়। টার্মিনালের ত্রুটির কারণে আগস্টে নয়টি কার্গো আসার কথা রয়েছে। এর মধ্যে তিনটি দরপত্রের মাধ্যমে, একটি দীর্ঘমেয়াদি চুক্তিতে, একটি স্বল্পমেয়াদি চুক্তিতে এবং চারটি সরাসরি ক্রয়পদ্ধতিতে সংগ্রহের পরিকল্পনা ছিল।

দরপত্রের মাধ্যমে কেনা তিনটি কার্গোর মধ্যে দুটি ইতোমধ্যে গ্যাস সরবরাহ করেছে। আরেকটি ২০ আগস্ট আসার কথা রয়েছে। দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার থেকেও একটি কার্গো পাওয়া গেছে। অন্যদিকে সৌদি আরামকোর সঙ্গে স্বল্পমেয়াদি চুক্তির একটি জাহাজ বঙ্গোপসাগরে পৌঁছালেও স্থানান্তরের ঝুঁকির কারণে সেটি থেকে এলএনজি নেয়নি টার্মিনাল কর্তৃপক্ষ।

সরাসরি ক্রয়পদ্ধতিতে কেনা চার কার্গোর মধ্যে দুটি সরবরাহ করার কথা হংকংভিত্তিক ঝেনইউ শিপিং কোম্পানির। গত রোববার প্রতিষ্ঠানটি একটি জাহাজের তথ্য পাঠায়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, জাহাজটি যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। এটি গ্রহণ করলে পরবর্তী সময়ে অন্যান্য জাহাজ ও আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে বাংলাদেশের লেনদেনে জটিলতা তৈরি হতে পারে—এ আশঙ্কায় জাহাজটি গ্রহণ করা হয়নি।

অন্য তিনটি কার্গো কখন সরবরাহ করা হবে, সে সময়ও সংশ্লিষ্ট কোম্পানিগুলো এখনো নিশ্চিত করেনি। ফলে নতুন কার্গো না আসা পর্যন্ত দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি অনিশ্চয়তার মধ্যেই থাকছে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top