বিদ্যুৎ সংকট সমাধানে ১০ বছরের পরিকল্পনা সংসদে দেবে সরকার

দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে আগামী ১০ বছরের পরিকল্পনা জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পোনা মাছ বিতরণ ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ঢাকা শহরসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় মানুষ বর্তমানে বিদ্যুৎ সংকটে ভুগছেন। অতীতে নেওয়া ‘অপরিকল্পিত’ সিদ্ধান্ত ও পদক্ষেপের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বর্তমান সরকার স্থায়ী সমাধানের পথে এগোতে চায়।

বিদ্যুৎ সংকট সমাধানে ১০ বছরের পরিকল্পনা সংসদে দেবে সরকার

তিনি জানান, আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে সেখানে আগামী ১০ বছরে কীভাবে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান করা হবে, সেই পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরা হবে। এর আগে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকার ও বিরোধী দলের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠনের উদ্যোগের কথাও জানানো হয়েছিল।

সংকট মোকাবিলায় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাড়াহুড়ো না করে ঠান্ডা মাথায় পরিকল্পনা নিয়ে ধাপে ধাপে এগোতে হবে। তাঁর মতে, দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনার মাধ্যমেই বিদ্যুৎ ও জ্বালানি খাতের স্থায়ী সমাধান সম্ভব।

বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরিকল্পনার কথাও এর আগে জানিয়েছে সরকার। মে মাসে প্রধানমন্ত্রী সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান, শিল্পকারখানা ও সেচকাজে সৌরব্যবস্থা ব্যবহারের ওপর গুরুত্ব দেন।

এ সময় বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে সমস্যার সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষ্য, অস্থিরতা তৈরি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ। এতে ব্যবসা-বাণিজ্য, চাকরি ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।

সরকারের লক্ষ্য একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ জনজীবনের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সমাধান করে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করাই সরকারের প্রধান লক্ষ্য।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top