বিদ্যুৎ সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগের সরকারের অপরিকল্পিত পরিকল্পনা ও বিভিন্ন পদক্ষেপের কারণেই বর্তমানে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
রোববার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী কিশোরগঞ্জ জেলা সফরের শুরুতে তিনি সেখানে উপস্থিত হন।
তারেক রহমান বলেন, শুধু ঢাকা নয়, দেশের জেলা ও উপজেলা পর্যায়ের বহু মানুষ বর্তমানে বিদ্যুতের দুর্ভোগে রয়েছেন। তার ভাষ্য, স্বৈরাচার হিসেবে বিতাড়িত আগের সরকারের অপরিকল্পিত পরিকল্পনা ও পদক্ষেপের কারণেই বিদ্যুৎ ও জ্বালানি খাতে এই অবস্থা তৈরি হয়েছে।

বিদ্যুৎ সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণ বিএনপিকে নির্বাচিত করেছে এবং বিএনপি দেশের মানুষের দল হিসেবে তাদের স্বার্থেই কাজ করবে। আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে সেখানে আগামী ১০ বছরে কীভাবে দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করা হবে, সেই পরিকল্পনা উপস্থাপন করা হবে।
এর আগে ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে সকাল ১১টা ২৪ মিনিটের দিকে পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী। পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিকতা শুরু করেন তিনি।
ঢাকার বাইরে দ্বিতীয়বারের মতো কোনো জেলায় জাতীয় মৎস্য পক্ষের কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে। সফরের পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। পরে বেলা ১টায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও জাতীয় মৎস্য পদক ২০১৬ প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।


