গাজ্জা উপত্যকার যুদ্ধবিরতি চুক্তি আরও সুসংহত করার উদ্যোগ নিয়ে মিসরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে রোববার (১৬ আগস্ট) কায়রোর উদ্দেশে রওনা হচ্ছেন হামাসের প্রধান খলিল আল-হাইয়া। নেতৃত্ব গ্রহণের পর এটি তার প্রথম মিসর সফর।
হামাসের একটি সূত্র জানিয়েছে, খলিল আল-হাইয়ার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রোববার রাতে কায়রো পৌঁছাবে। সেখানে মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ফিলিস্তিন পরিস্থিতি ও সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা হবে।
প্রতিনিধি দলটির বৈঠক করার কথা রয়েছে মিসরের জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান হাসান রাশাদের সঙ্গে। আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে গাজ্জায় চলমান যুদ্ধবিরতি চুক্তি আরও কার্যকর ও সুসংহত করার বিষয়টি।

হামাসের সূত্র অনুযায়ী, প্রতিনিধি দলে রয়েছেন শুরা কাউন্সিলের প্রধান মুহাম্মাদ দারবিশ, বিদেশে হামাসের প্রধান খালেদ মেশাল, পশ্চিম তীরে সংগঠনটির প্রধান জাহের জাব্বারীন এবং আরব ও ইসলামি সম্পর্কবিষয়ক দপ্তরের প্রধান বাসেম নাঈম।


