শিক্ষকদের অবসর সুবিধার অর্থ পেতে আর এক অফিস থেকে অন্য অফিসে ছুটতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবিষ্যতে এই অর্থ অনলাইনের মাধ্যমে সরাসরি শিক্ষকদের ব্যাংক হিসাবে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, শিক্ষকদের অবসরের টাকা পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ভোগান্তি থাকবে না। এ জন্য মধ্যস্বত্বভোগীর দ্বারস্থ হওয়ারও প্রয়োজন হবে না। অনলাইন ব্যবস্থার মাধ্যমে অবসর সুবিধার অর্থ সরাসরি শিক্ষকদের ব্যাংক হিসাবে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষকদের আগের পরিস্থিতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তাদের বাস্তব অবস্থা নিয়ে একটি ভিডিও দেখেছেন তিনি। সেখানে অবসর ভাতার টাকা পেতে আগে ঘুষ দেওয়ার বিষয়টি উঠে এসেছে। তার ভাষ্য, বর্তমানে শিক্ষকদের ব্যাংক হিসাবে অর্থ পৌঁছে দেওয়ার প্রক্রিয়া সহজ করা হলেও আগে পরিস্থিতি এতটা সহজ ছিল না।
প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার লুটপাট করে অবসরের দুটি বোর্ডকে পঙ্গু করে রেখে গেছে। তারেক রহমান বলেন, শিক্ষকদের অবসর ভাতার ফান্ডেও পর্যাপ্ত অর্থ নেই। এ কারণে বিশেষ ব্যবস্থার মাধ্যমে অর্থ দেওয়া হচ্ছে।
শিক্ষকদের সামাজিক ভূমিকার কথাও অনুষ্ঠানে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রচলিত নিয়ম অনুযায়ী শিক্ষকতা থেকে অবসর নিলেও তারা শিক্ষক হিসেবেই থাকেন এবং সমাজে তাদের ভূমিকা সর্বজনগ্রাহ্য।


