শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হতো না বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল। একই সঙ্গে তিনি শেখ মুজিবের স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের অবদান স্বীকার করলেও স্বাধীনতার পর তার শাসনামলের নানা কঠোর সমালোচনা করেছেন।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আসিফ নজরুল। তিনি জানান, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর অনেক কারণ রয়েছে এবং তিনি নিজেও মনে করেন, শেখ মুজিবের জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জন সম্ভব হতো না।
আসিফ নজরুলের ভাষ্য অনুযায়ী, গণতন্ত্র, মানুষের অর্থনৈতিক মুক্তি এবং রাজনৈতিক ভিন্নমতের প্রতি শেখ মুজিবের অবস্থানের প্রতিফলন ১৯৭২ সালের ৪ নভেম্বর পর্যন্ত গণপরিষদের বিতর্কের দলিলেও পাওয়া যায়। তবে দেশ পরিচালনায় শেখ মুজিব দক্ষ ছিলেন না বলেও মন্তব্য করেন তিনি।

শেখ মুজিবের শাসনামল নিয়ে সমালোচনা করে আসিফ নজরুল বলেন, ১৯৭১-পরবর্তী বাংলাদেশ পরিচালনা করা নানা কারণে অত্যন্ত কঠিন ছিল। কিন্তু সেই বাস্তবতা শেখ মুজিবের শাসন ক্রমে আরও অত্যাচারী ও স্বৈরাচারী হয়ে ওঠাকে ন্যায্যতা দেয় না। তার মতে, ওই সময়ের দুর্ভিক্ষ, নির্বিচার হত্যা এবং একদলীয় শাসন প্রতিষ্ঠার ঘটনাও আড়াল করার সুযোগ নেই।
তবে এসব সমালোচনা সত্ত্বেও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শেখ মুজিবের দীর্ঘদিনের অবদানের কারণে বহু মানুষ তাকে ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন বলে উল্লেখ করেন আসিফ নজরুল। তিনি নিজেকেও সেই মানুষের একজন হিসেবে উল্লেখ করেছেন।
শেখ হাসিনার শাসনামল প্রসঙ্গেও পোস্টে নিজের অবস্থান তুলে ধরেন আসিফ নজরুল। তার দাবি, শেখ হাসিনার শাসন ছিল ‘আইডেনটিটি-বেসড ফ্যাসিজম’-এর একটি নিকৃষ্ট উদাহরণ এবং নিজের শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় তিনি তার বাবাকে যথেচ্ছভাবে ব্যবহার করেছেন। এর ফলে শেখ মুজিব জুলাই গণঅভ্যুত্থানের প্রতিপক্ষ হয়ে উঠেছিলেন বলেও মন্তব্য করেন তিনি।
আসিফ নজরুল আরও বলেন, শেখ হাসিনার আমলে বঙ্গবন্ধুর ‘দ্বিতীয় মৃত্যু’ ঘটেছে, যা অনেকটা শেখ হাসিনার হাতেই হয়েছে বলে তিনি মনে করেন।
১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উল্লেখ করে পোস্টের শেষাংশে আসিফ নজরুল বলেন, ১৯৭৫ সালের এই দিনে একটি নির্মম হত্যাকাণ্ডে শেখ মুজিবুর রহমান তার পরিবারের প্রায় সব সদস্যসহ নিহত হন।


