আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী সপ্তাহের শেষ দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। শুক্রবার (১৪ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে ঢাকা ও দিল্লির সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য সফরটি দুই দিনের হতে পারে। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তারেক রহমানের। দুই দেশের সংশ্লিষ্ট পর্যায়ে সফরটি নিয়ে প্রস্তুতিও চলছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নয়াদিল্লি সফর—যদি শেষ পর্যন্ত সফরটি অনুষ্ঠিত হয়। সে ক্ষেত্রে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে সফরটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী দুই প্রধানমন্ত্রীর বৈঠক হলে সেখানে বাণিজ্য, দুই দেশের মধ্যে যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, তারেক রহমানের দুই দিনের সফরকে ‘দ্বিপাক্ষিক আলোচনা’ হিসেবে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। তবে সফরের বিস্তারিত কর্মসূচি নিয়ে এখনো কাজ চলছে।

এদিকে গত ফেব্রুয়ারির নির্বাচনের পর ভারত প্রধানমন্ত্রী তারেক রহমানকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছিল। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনেও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গত সপ্তাহে জানিয়েছিলেন, ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেকের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top