বাংলাদেশ পুলিশের ৫৬ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। তাদের মধ্যে সাতজন সহকারী পুলিশ সুপার সমপর্যায়ের কর্মকর্তা এবং ৪৯ জন পুলিশ পরিদর্শক।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্তের কথা জানায়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় জনস্বার্থে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী ৪৯ পুলিশ কর্মকর্তাকে অবসর দেওয়া হয়েছে।
অবসরপ্রাপ্ত ৪৯ পুলিশ পরিদর্শক দেশের বিভিন্ন জেলা, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), বিশেষ শাখা (এসবি) ও রেলওয়ে পুলিশসহ বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন।

অন্য প্রজ্ঞাপনে একই আইনের আওতায় সহকারী পুলিশ সুপার সমপর্যায়ের সাত কর্মকর্তাকে অবসর দেওয়া হয়েছে। তারা হলেন ঢাকার র্যাব হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (পেট্রোল) মো. নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সৈয়দুজ্জামান, ঢাকার মোহাম্মদপুর র্যাব-২-এর সহকারী পুলিশ সুপার মো. গোলাম কিবরীয়া, ঢাকা আরআরএফের এএসপি মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।


