১২ রবিউল আউয়াল উপলক্ষে চট্টগ্রামের হালিশহরে সেমিনার ও সিরাত প্রতিযোগিতার আয়োজন করেছে পাঠচক্রভিত্তিক সাংস্কৃতিক সংগঠন ‘সিরাতের পাঠশালা’। আগামী ২৬ আগস্ট এ আয়োজন অনুষ্ঠিত হবে।
সংগঠনটির পক্ষ থেকে শুক্রবার (১৪ আগস্ট) জানানো হয়, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকদের তথ্যমতে, ২৬ আগস্ট দুপুর ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুটি বিভাগে সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ বিভাগে ছোটরা ‘সিরাতে খাতামুল আম্বিয়া’ এবং ‘খ’ বিভাগে বড়রা রেইন্ড্রপসের ‘সিরাহ’ প্রথম খণ্ড থেকে প্রতিযোগিতায় অংশ নেবেন।

প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের আগামী ১৯ আগস্টের মধ্যে নিবন্ধন করতে হবে। নিবন্ধন সম্পূর্ণ বিনামূল্যে। বিজয়ীদের জন্য সার্টিফিকেট ও ক্রেস্টের পাশাপাশি এক হাজার টাকা মূল্যের আকর্ষণীয় বই পুরস্কার হিসেবে দেওয়া হবে।
প্রতিযোগিতা শেষে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ‘মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে তরুণ প্রজন্মের বর্তমান সংকট এবং উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনার।
সেমিনারে প্রধান আলোচক ও বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন তরুণ ব্যক্তিত্ব জাকারিয়া মাসুদ ও ইরফান সাদিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট দাঈ ও স্বর্ণপদকজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মাওলানা মাসিহুল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট দাঈ ও মারকাজুর রাশাদ মাদরাসার পরিচালক মুফতি ওসমান সাদেক। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শায়েখ মনিরুল ইসলাম কাসেমী, মুফতি আব্দুল্লাহ জাফরসহ বিশিষ্ট আলেমরা।


