বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি বৃহস্পতিবার নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে। একই সঙ্গে সমুদ্রবন্দর ও উপকূলীয় অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল ও এর কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে থাকা লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে রূপ নিয়েছে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষর করা সতর্কবার্তায় বলা হয়েছে, নিম্নচাপটির প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আজ শুক্রবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গাতেও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। শনিবারও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর সঙ্গে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ ১৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে কক্সবাজারে।
এদিকে বৃষ্টির পাশাপাশি দেশের বিভিন্ন নদনদীর পানিও বাড়ছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশনে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল বেড়েছে।
চট্টগ্রাম বিভাগের পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের গোমতী, সিলোনিয়া, ফেনী, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানিও বেড়েছে। তবে মুহুরী ও হালদা নদীর পানি কমেছে।
নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদনদীর পানিও বেড়েছে। মেঘনাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীতীরবর্তী চর ও নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হয়েছে।


