ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধে দৈনিক ইনকিলাবের সংবাদ পরিবেশনের প্রশংসা করেছেন বাংলাদেশে অবস্থিত ইরান কালচার সেন্টারের কালচারাল কাউন্সিলর ড. মাহদী মৌলায়ি অরিন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দৈনিক ইনকিলাব ভবনে পত্রিকাটির সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সন্তুষ্টির কথা জানান।
ড. মাহদী মৌলায়ি অরিন বলেন, চলমান যুদ্ধে দৈনিক ইনকিলাবের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ইরানের জনগণ অত্যন্ত খুশি। এ বিষয়ে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাতেই তিনি ইনকিলাব ভবনে এসেছেন বলে জানান।
জবাবে এ এম এম বাহাউদ্দীন তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতিষ্ঠার পর থেকেই দৈনিক ইনকিলাব রাষ্ট্র ও সমাজে ইসলামিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রেখে আসছে। তার ভাষ্য, পত্রিকাটি সম্পাদকীয় নীতিতে ইসলামের বিষয়ে কখনো আপস করে না। জাতীয় পর্যায়ের পাশাপাশি বৈশ্বিক ক্ষেত্রেও ইসলামিক ভ্রাতৃত্ব ও ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে আসছে ইনকিলাব।

চলমান যুদ্ধের প্রসঙ্গ টেনে ইনকিলাব সম্পাদক বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আধিপত্য ও গর্বকে ইরান ভেঙে দিয়েছে। তার মতে, ইরান দেখিয়েছে মুসলিম বিশ্বের নিরাপত্তা ও নেতৃত্ব মুসলমানদেরই দিতে হবে।
যুদ্ধ-পরবর্তী সময়ে মুসলিম বিশ্বের নেতৃত্ব ও ঐক্য প্রতিষ্ঠায় ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন বাহাউদ্দীন। তিনি বলেন, ইসলামিক ভ্রাতৃত্ব ও ঐক্য প্রতিষ্ঠায় ইরানের যেকোনো ইতিবাচক কর্মকাণ্ডে দৈনিক ইনকিলাব সমর্থন জানিয়ে যাবে।
আগামী দিনে মুসলিম বিশ্ব ও চীন একসঙ্গে জ্ঞান, বিজ্ঞান, অর্থনীতি ও সামরিক শক্তিতে বিশ্বকে নেতৃত্ব দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ ক্ষেত্রে ইরান ও চীনের সুসম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন ইনকিলাব সম্পাদক।
সৌজন্য সাক্ষাৎকালে দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মেহেদী হাসান পলাশ এবং ইরান কালচারাল কার্যালয়ের কর্মকর্তা শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।


