১৫ আগস্ট ঘিরে সারা দেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

১৫ আগস্টকে কেন্দ্র করে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি, সাদা পোশাকে সদস্য মোতায়েন এবং সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ১৫ আগস্ট উপলক্ষে প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে পরিকল্পনা তৈরি করেছে। এর অংশ হিসেবে সংবেদনশীল স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে ঘিরে নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী কিংবা রাষ্ট্র ও সরকারবিরোধী কোনো মহল যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য তাদের গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

১৫ আগস্ট ঘিরে সারা দেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

নিরাপত্তা কার্যক্রমে র‍্যাব নিজস্ব নেতৃত্বে দায়িত্ব পালন করবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করা হয়েছে।

আগাম তথ্য সংগ্রহের জন্য এলাকাভিত্তিক সোর্স ও ইনফরমার নিয়োগের পাশাপাশি অনুষ্ঠানস্থলে যাতায়াতের গুরুত্বপূর্ণ রুটে সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকাতেও র‍্যাব সদস্যদের অবস্থান থাকবে।

এ ছাড়া সন্দেহভাজন ব্যক্তি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। কোনো নিষিদ্ধ সংগঠন, দুষ্কৃতকারী বা উগ্রবাদী গোষ্ঠীর সদস্য যাতে অনুষ্ঠানস্থলে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়েও সতর্কতা জোরদার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতেও সাইবার পেট্রোলিং বাড়িয়েছে র‍্যাব। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি প্রকাশের মাধ্যমে কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

কোনো স্থানে বিস্ফোরক বা বিস্ফোরক সদৃশ বস্তু পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নিতে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ নজরে এলে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে র‍্যাব।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top