দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১০৮ টাকা বেড়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে নতুন এ দর কার্যকর হয়েছে।
বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে এখন ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা লাগবে। এর আগে প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।
এ দফায় শুধু ২২ ক্যারেট নয়, অন্যান্য মানের স্বর্ণের দামও বেড়েছে। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের স্বর্ণের নতুন দাম ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা, যা আগের তুলনায় ভরিতে ৯৩৩ টাকা বেশি।

সনাতন পদ্ধতির স্বর্ণের দামও ভরিতে ৭০০ টাকা বেড়েছে। নতুন দর অনুযায়ী এ মানের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার কারণে এবার স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে। এর মাত্র তিন দিন আগে, ৮ আগস্ট ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়েছিল সংগঠনটি।
এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের রুপার দাম ভরিতে ১৭৫ টাকা বেড়ে ৫ হাজার ৭৪ টাকা হয়েছে। একই পরিমাণ বৃদ্ধিতে ২১ ক্যারেটের রুপার দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৮৪১ টাকা।
১৮ ক্যারেটের রুপার দামও ভরিতে ১৭৫ টাকা বেড়ে হয়েছে ৪ হাজার ১৯৯ টাকা। আর সনাতন পদ্ধতির রুপার দাম ১১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ১৫৯ টাকা।


