জুলাই শহীদদের ঋণ শোধ অসম্ভব, দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর


জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের ঋণ কোনোভাবেই শোধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ১৯৭১ ও ২০২৪ সালে যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। এমন একটি বাংলাদেশ গড়ে তোলাই ছিল তাদের আকাঙ্ক্ষা, যেখানে মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে এবং সবাই শান্তিতে বসবাস করতে পারবে।

জুলাই শহীদদের ঋণ শোধ অসম্ভব, দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে শুধু তাদের স্মরণ করাই যথেষ্ট নয় বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যারা মহৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য জীবন দিয়েছেন, তাদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব এখন যারা বেঁচে আছেন তাদের প্রত্যেকের।

বাংলাদেশ স্কাউটসের সদস্যদের দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি প্রাণ-প্রকৃতির সুরক্ষায়ও দায়িত্বশীল মানসিকতা গড়ে তুলতে হবে। একই সঙ্গে অন্যদেরও দেশের মানুষের জন্য কাজ করতে উৎসাহিত করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের ১০ শহীদ পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক ও সম্মাননা পদক তুলে দেন প্রধানমন্ত্রী।

এ সময় বাংলাদেশ স্কাউটসের সভাপতি নাসিমুল গণি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অবদান ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জাতীয় পাঠ্যক্রমে তাদের ভূমিকা অন্তর্ভুক্ত করার দাবি জানান।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. মাহাদী আমিন, বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও প্রধানমন্ত্রীর মূখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top