রিয়াদে কারখানায় আগুনে নিহত ১৬ বাংলাদেশির ১৩ জন নওগাঁর


সউদী আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ১৩ জনই নওগাঁ জেলার বাসিন্দা। নিহতদের মধ্যে আত্রাই উপজেলার ১২ জন এবং নওগাঁ সদর উপজেলার একজন রয়েছেন। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত রোববার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে রিয়াদের মানফুয়া এলাকার ওই কারখানায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় শ্রমিকরা ভেতরে আটকা পড়েন। নিহতদের মধ্যে নওগাঁর ১৩ জন ছাড়াও নাটোরের নলডাঙ্গার দুজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন রয়েছেন।

নওগাঁর নিহতদের পরিচয়ও পাওয়া গেছে। তারা হলেন আত্রাই উপজেলার সাদনগর গ্রামের সাগর (৩৮), খরস্রোতা গ্রামের মজিদুল (৩৪) ও আব্দুল জলিল (৪৮), উজানপৈ গ্রামের ফরিদ শেখ (৩২), ডুবাই গ্রামের সুমন (৩১) ও হাসিবুল হাসান শুভ (৩৭), কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের মোহন প্রামাণিক (২২), তার ছোট ভাই সুমন প্রামাণিক (১৬), রুবেল প্রামাণিক (৩০) ও কলিমুল্লাহ প্রামাণিক (৩৫), বোয়ালা গ্রামের হৃদয় (৩২), মধ্যবোয়ালিয়া গ্রামের মিনহাজ (৩০) এবং নওগাঁ পৌরসভার পার-নওগাঁ এলাকার শাহিন (৩৮)।

রিয়াদে কারখানায় আগুনে নিহত ১৬ বাংলাদেশির ১৩ জন নওগাঁর

নিহত ফরিদ শেখের চাচাতো ভাই জাহিদুল ইসলাম জানান, সউদীতে থাকা অন্যান্য প্রবাসীদের কাছ থেকে তারা জানতে পেরেছেন, আগুন লাগার সময় শ্রমিকরা ঘুমিয়ে ছিলেন। কারখানার মূল ফটক বাইরে থেকে তালাবদ্ধ থাকায় তারা বের হতে পারেননি। ওই কারখানার শ্রমিকরা দিনে ঘুমিয়ে রাতে কাজ করতেন বলেও জানান তিনি।

অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন এবং নিহতদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদস্থ বাংলাদেশ মিশনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাঁদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। সউদী আরবে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে লাশ দেশে ফিরিয়ে আনতে তারা সউদী কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছেন।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সউদী আরবে বাংলাদেশ দূতাবাসের শ্রমকল্যাণ উইং কাজ করছে। যথাযথ প্রক্রিয়া শেষ করে লাশ দেশে আনার জন্য সরকার ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রয়েছে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top