১০০ টাকার গরুর মাংস-ভাতের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার

রাজধানীর আগারগাঁওয়ে ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পাওয়া মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করেছে পুলিশ। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে আগারগাঁও এলাকা থেকে কাফরুল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। কাফরুল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টরা মিজানের দোকানে যান। এ সময় বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তিনি সিটি করপোরেশনের কর্মী ও পুলিশ সদস্যদের আঘাত করেন বলে অভিযোগ ওঠে।

পরে তাকে আটক করে থানায় নেওয়া হয় এবং সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর তাকে আদালতে পাঠানো হয়েছে।

আগারগাঁওয়ের ফুটপাতে মিজানের দোকানে ১০০ টাকায় গরুর মাংস, ভাত, আলু ও ডাল পাওয়া যেত। খাবার পরিবেশন ও খাওয়ার ধরন নিয়ে ভিডিও ছড়িয়ে পড়লে তিনি ‘ভাইরাল মিজান’ এবং তার দোকান ‘গরিবের বুফে’ নামে পরিচিতি পায়।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top