লক্ষ্মীপুরের রামগঞ্জে সরকারি ভাতা দেওয়ার কথা বলে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে বিএনপির দুই নেতাকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দরবেশপুর ইউনিয়নের একটি মসজিদে।
বহিষ্কৃত নেতারা হলেন দরবেশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মো. ইউছুফ। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম।
তিনি জানান, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার টাকা করে নেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

খোরশেদ আলম বলেন, অভিযুক্ত দুই নেতার দাবি ছিল টাকা মসজিদ কমিটির কোষাধ্যক্ষ নিয়েছেন। তবে তদন্তে টাকা নেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধেই প্রমাণিত হওয়ায় দলীয় পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে হারুন অর রশিদ ও মো. ইউছুফের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।


