প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৩ আগস্ট ভারত সফরে যেতে পারেন। শুক্রবার (২১ আগস্ট) ঢাকার কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।
তারেক রহমানের দিল্লি সফর নিয়ে কয়েক মাস ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা চলছিল। জুনের শুরুতে সফরটি নিয়ে আলোচনা হলেও পরে তা আর এগোয়নি। এরপর জুলাইয়ে আগস্টের প্রথম ১০ দিনের মধ্যে সফরের সম্ভাব্য সময় নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।
এরই ধারাবাহিকতায় ভারতীয় পক্ষ ২১ আগস্টকে সম্ভাব্য সফরের তারিখ হিসেবে প্রস্তাব করেছিল। তবে একই সময়ে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার বিষয়টি সামনে আসায় সফর নিয়ে আলোচনা স্থগিত করে ঢাকা। বিষয়টি পরে ভারত সরকারের কাছেও জানানো হয়।
এখন নতুন করে ২৩ আগস্ট তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা তৈরি হয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।


