সৌদি আরব সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। সোমবার (১৭ আগস্ট) ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সৌদি রাষ্ট্রদূত আমন্ত্রণপত্রটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন।
দুই দেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের ধারাবাহিকতায় সৌদি আরবের এ আমন্ত্রণকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি, ধর্মীয় বিষয় এবং হজ ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সহযোগিতা রয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর সরকার গঠনের মাধ্যমে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদেশ সফরের জন্য এটি তৃতীয় আমন্ত্রণ। এর আগে ২১ জুন প্রথম বিদেশ সফরে তিনি মালয়েশিয়া যান। পরে ২৬ জুন দ্বিতীয় বিদেশ সফরে চীন সফর করেন।
মালয়েশিয়া ও চীন সফরের পর এবার সৌদি আরবের পক্ষ থেকে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী। এ সফর হলে নতুন সরকারের সঙ্গে সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে তা ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যীয় অংশীদার সৌদি আরব। দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ একটি দিক হলো জনশক্তি রপ্তানি। বিপুলসংখ্যক বাংলাদেশি সৌদি আরবে কর্মরত থাকায় শ্রমবাজার সম্প্রসারণ ও প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ও দ্বিপক্ষীয় সম্পর্কের বড় অংশজুড়ে রয়েছে।


