সরকারি চাকরি দেওয়ার কথা বলে চাকরিপ্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারকচক্রের মূলহোতা মো. বাবলু কাজীকে (৬০) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চক্রটি ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণা করত এবং সরকারি কর্মকর্তার সিল ও উপ-সচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র, যোগদানপত্র ও প্রজ্ঞাপন তৈরি করত।
ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, কোনো পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে চক্রটি চাকরিপ্রার্থীদের সঙ্গে চুক্তি করত। এমনকি টাকা চাকরিতে যোগ দেওয়ার পর পরিশোধ করলেও চলবে বলে তাদের বিশ্বাস অর্জনের চেষ্টা করা হতো।
সম্প্রতি ফরিদপুরের নগরকান্দা এলাকার মো. সবুজ সরকারকে সরকারি চাকরি দেওয়ার কথা বলে ১৩ লাখ টাকা নেয় চক্রটি। প্রতারণাকে আরও বিশ্বাসযোগ্য করতে জাল নিয়োগপত্র ও প্রজ্ঞাপন তৈরির পাশাপাশি ভুক্তভোগীদের সরকারি অফিসে নিয়ে গিয়ে নকল হাজিরা খাতায় স্বাক্ষরও করানো হতো।

চক্রটির প্রতারণার কৌশলের আরেকটি দিক ছিল ভুক্তভোগীদের প্রথম তিন মাস বেতন দেওয়া। নিজেদের অর্থ থেকে প্রতি মাসে ৩০ হাজার টাকা করে বেতন দেওয়ার পর বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে তারা যোগাযোগ বন্ধ করে আত্মগোপনে চলে যেত।
গ্রেফতারের সময় বাবলু কাজীর কাছ থেকে বাংলাদেশ সরকারের সিল, জাল স্বাক্ষরযুক্ত ভুয়া নিয়োগ আদেশ, যোগদানপত্র ও প্রজ্ঞাপন এবং নকল হাজিরা খাতা জব্দ করা হয়েছে।
ডিবি জানায়, সাধারণ মানুষের উপস্থিতি বেশি এমন সরকারি অফিসগুলোকে প্রতারণার জন্য বেছে নিত চক্রটি। তাদের একজন নিজেকে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। অন্য সদস্যরা তার গাড়িচালক বা অফিস সহকারী পরিচয়ে সরকারি অফিসে চলাফেরা করতেন। এতে চাকরিপ্রার্থীদের কাছে তাদের পরিচয় ও কর্মকাণ্ড আরও বিশ্বাসযোগ্য হয়ে উঠত।


