শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধে কঠোর নির্দেশ

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের প্রাইভেট ও কোচিং বাণিজ্য বন্ধে নির্দেশ দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। এ বিষয়ে প্রতিষ্ঠানপ্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সম্প্রতি ভান্ডারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে উপজেলার সব স্কুল ও মাদ্রাসার প্রধানসহ সংশ্লিষ্টদের কাছে একটি চিঠি পাঠানো হয়। এতে কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন সূত্রে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার এক শ্রেণির শিক্ষকের প্রাইভেট ও কোচিং বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকার তথ্য পাওয়া যাচ্ছে। এ পরিস্থিতিতে কোচিংয়ের সঙ্গে জড়িত শিক্ষকদের নির্ধারিত নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো শিক্ষক নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাইভেট বা কোচিং পড়াতে পারবেন না। একইভাবে নিজের নামে, অন্যের নামে কিংবা অন্য কোনো উপায়ে কোচিং সেন্টার পরিচালনা বা এর সঙ্গে প্রত্যক্ষ-পরোক্ষভাবে যুক্ত থাকাও নিষিদ্ধ করা হয়েছে।

এ ছাড়া প্রতিষ্ঠানের ক্লাস বাদ দিয়ে কোচিং করানো যাবে না। তবে প্রয়োজন হলে প্রতিষ্ঠানপ্রধানের লিখিত অনুমতি নিয়ে টিউশন বা কোচিং করানোর সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের কোচিংয়ে পড়তে মানসিকভাবে চাপ দেওয়া, ক্লাসে কম পড়িয়ে কোচিংয়ে পড়তে বাধ্য করা এবং কোচিংয়ে পড়া শিক্ষার্থীদের মূল্যায়নে বিশেষ সুবিধা দেওয়াও নিষিদ্ধ করা হয়েছে।

কোনো শিক্ষকের বিরুদ্ধে প্রাইভেট বা কোচিং বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে সরকারি বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানপ্রধানদের নিজ নিজ প্রতিষ্ঠানে নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়ন করতে এবং কোনো শিক্ষক কোচিং বাণিজ্যে জড়িত থাকলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের ‘শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২’ অনুযায়ী এ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভান্ডারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন চিঠির সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণে প্রতিষ্ঠানপ্রধানদের চিঠি দেওয়া হয়েছে। ২০১২ সালের নীতিমালার বাস্তবায়ন নিশ্চিত করতে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top