নড়াইল সদর উপজেলায় ব্যাটারিচালিত ভ্যানের চাপায় সূর্য দাস নামে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মুলিয়া-বাহিরগ্রাম আঞ্চলিক সড়কের কোড়গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সূর্য দাস কোড়গ্রামের সুমন দাসের ছেলে। পরিবারটি কোড়গ্রাম আবাসন প্রকল্পের একটি ঘরে বসবাস করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বাহিরগ্রাম থেকে একটি ব্যাটারিচালিত ভ্যান মুলিয়ার দিকে যাচ্ছিল। ভ্যানটি কোড়গ্রাম এলাকায় পৌঁছালে সূর্য দাস সড়ক পার হওয়ার চেষ্টা করে। এ সময় ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় শিশুটি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


