বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধের নির্দেশ

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। নতুন এই সময়সূচি ১২ আগস্ট থেকেই কার্যকর হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা বুধবার এ বিষয়ে নির্দেশনা জারি করে। এতে বলা হয়েছে, শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।

নতুন সিদ্ধান্তের আগে এসব প্রতিষ্ঠান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল। গত ১১ জুন থেকে ওই সময়সূচি কার্যকর ছিল। এক মাসের ব্যবধানে দোকানপাট বন্ধের সময় আরও এক ঘণ্টা এগিয়ে আনা হলো।

সরকারি নির্দেশনায় আলোকিত বিলবোর্ড ও আলোকসজ্জার বিষয়েও সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশের বিভিন্ন এলাকায় চলমান ও অনুষ্ঠেয় মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।

নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের বলা হয়েছে। পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ডিপিডিসি, ডেসকোসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাকে নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে।

এ সিদ্ধান্ত বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা দোকান মালিক সমিতিকেও জানানো হয়েছে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top