তারেক রহমানকে ব্রিকস আউটরিচে আমন্ত্রণ, জানাল ভারত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফরের পাশাপাশি নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস আউটরিচ সেশনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত। মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি বলেন, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। ওই আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি প্রধানমন্ত্রীকে দুটি আমন্ত্রণের বিষয়ও পুনরায় জানানো হয়।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ভারতের হাইকমিশনার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সফল আলোচনা করেছেন। সেখানে দ্বিপক্ষীয় সফরের পাশাপাশি ব্রিকস আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানোর বিষয়টি তুলে ধরা হয়েছে। সফরের চূড়ান্ত দিনক্ষণ ও পরবর্তী অগ্রগতি যথাসময়ে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

তারেক রহমানকে ব্রিকস আউটরিচে আমন্ত্রণ, জানাল ভারত

এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের আনুষ্ঠানিক আবেদনের অগ্রগতি সম্পর্কেও জানতে চাওয়া হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে। জবাবে জয়সওয়াল বলেন, বিষয়টি ভারতের প্রচলিত আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার আওতায় পর্যালোচনা করা হচ্ছে। নতুন কোনো তথ্য বা সিদ্ধান্ত এলে তা প্রকাশ্যে জানানো হবে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়েও প্রশ্নের মুখোমুখি হন জয়সওয়াল। তিনি এটিকে আইনি বিষয় হিসেবে উল্লেখ করে জানান, এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।

তবে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, ব্রিকস আউটরিচ সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ সরকার। তিনি বলেন, ভারত সরকারের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top