চট্টগ্রামের আনোয়ারায় চীন কয়েকশ’ মিল-কারখানা স্থাপন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব শিল্পপ্রতিষ্ঠানে চট্টগ্রামের বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে জানান তিনি।
রোববার বাঁশখালীর বাহারছড়া সমুদ্র সৈকতে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, মীরসরাই থেকে মাতারবাড়ী পর্যন্ত সমুদ্রভিত্তিক শিল্প ও ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা নেওয়া হচ্ছে।
এর আগে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে মহেশখালীর মাতারবাড়ী ঘুরে গভীর সমুদ্রবন্দর, তাপবিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন মেগাপ্রকল্পের অগ্রগতি দেখেন। উপকূলের চর ও দ্বীপাঞ্চলে সৌরবিদ্যুৎ প্রকল্প বাড়ানোর বিষয়েও তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

তারেক রহমান বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে শান্তি ও আইনশৃঙ্খলা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অংশ হিসেবে বাঁশখালীতে ১০০ পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, আগামী ১৬ আগস্ট থেকে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হবে। চলতি বছর প্রায় ৪১ লাখ পরিবারের মায়ের হাতে এ কার্ড তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।


