মানিকগঞ্জের হরিরামপুরে প্রতারণা করে এক ইট ব্যবসায়ীর ১ লাখ ৮৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মো. ফারুক হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে আত্মসাৎ করা পুরো ১ লাখ ৮৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৩১ জুলাই ফারুক নিজেকে শাহীন পরিচয় দিয়ে কয়েকটি মোবাইল নম্বর থেকে স্বাধীন ইটভাটার পার্টনার সজিব ও ইট ব্যবসায়ী রুবেলের সঙ্গে যোগাযোগ করেন। পরে বিশ্বাস অর্জন করে ইট পাঠাতে রাজি করিয়ে ইটের মালিকানা দাবি করে সেগুলো বিক্রি করেন এবং টাকা আত্মসাৎ করেন।
ভুক্তভোগীদের অভিযোগের পর ৪ আগস্ট হরিরামপুর থানায় মামলা হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ আগস্ট নরসিংদীর পলাশ থানার পাঁচরুখী এলাকা থেকে ফারুককে গ্রেপ্তার করা হয়।

হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন জানান, ফারুকের কাছ থেকে ৩০ হাজার টাকা এবং তার দেওয়া তথ্য অনুযায়ী বাবার কাছ থেকে আরও ১ লাখ ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ফারুক দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোনে প্রতারণা করে জীবিকা নির্বাহ করতেন।


