নিরাপত্তার নিশ্চয়তা পেলে বাংলাদেশে ফিরে বিদায়ী ম্যাচ খেলতে চান সাকিব আল হাসান। তবে এখনই দেশে ফেরা সম্ভব না হলে শেখ হাসিনার সঙ্গেই ফেরার চেষ্টা করবেন বলে জানিয়েছেন সাবেক এই অধিনায়ক।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, সরকার নিরাপত্তা নিশ্চিত করলে দেশে ফিরে আদালতের বিচারসহ প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত তিনি। দেশের মাটিতে অন্তত একটি ম্যাচ খেলে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ইচ্ছাও রয়েছে তার।
২০২৪ সালের অক্টোবরে দেশে ফিরে বিদায়ী টেস্ট খেলার উদ্যোগ নিয়েছিলেন সাকিব। নিরাপত্তাজনিত কারণে দুবাই থেকে তাকে ফিরে যেতে হয়।
৩৯ বছর বয়সী সাকিব এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসর নেননি। সুযোগ পেলে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলতেও আগ্রহী তিনি।
শেখ হাসিনার সঙ্গে ফেরার প্রসঙ্গে সাকিব বলেন, নেত্রী যে সিদ্ধান্ত নেবেন, তারা সেটিই অনুসরণ করবেন। দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়া নিয়েও কোনো অনুশোচনা নেই বলে জানান তিনি।


