সাকিবের সব রেকর্ড মুছে ফেলা উচিত: শফিকুল আলম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উচিত সাকিব আল হাসানের সব রেকর্ড, পরিসংখ্যান ও মাইলফলক মুছে ফেলা—এমন মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

শফিকুল আলমের অভিযোগ, সাকিব প্রকাশ্যে একজন দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারীর প্রতি সমর্থন দেখিয়েছেন। তার ভাষ্য, এমন ব্যক্তির ক্রিকেট ইতিহাসে জায়গা থাকা উচিত নয় এবং সাকিবের নাম-রেকর্ড বাদ পড়লেও বাংলাদেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে না।

নিজের পোস্টে সাকিবের সঙ্গে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ব্যারি রিচার্ডস, গ্রায়েম ও পিটার পোলক, মাইক প্রোক্টর ও এডি বার্লোর তুলনা করেন তিনি। শফিকুলের দাবি, ওই খেলোয়াড়রা বর্ণবাদী শাসনের অংশ হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাদ পড়েছিলেন, তবে তাদের বিরুদ্ধে সাকিবের মতো দুর্নীতির অভিযোগ ছিল না।

শফিকুল আরও বলেন, গণহত্যাকারীর পূজারী, মানবতাবিরোধী অপরাধে সহায়তাকারী বা ফ্যাসিবাদী সরকারের সমর্থকদের বাংলাদেশের ক্রীড়া বীর হিসেবে প্রয়োজন নেই। ২০০৯ সালের বিডিআর সদর দফতরে ৫৭ সামরিক কর্মকর্তা হত্যার প্রসঙ্গও টেনে তিনি বলেন, সেসব ঘটনায় দণ্ডিত ক্রীড়াবিদদের জন্য কেউ ক্ষমা চাননি।

পোস্টের শেষদিকে শফিকুল আলম বলেন, গণহত্যাকারীকে পূজা করে কেউ রেহাই পেতে পারে না।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top