রাজধানীতে নিয়মিত অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সময়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৪৭টি মামলা করা হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে এসব গ্রেপ্তার করা হয়। আটকদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৭ জন, লালবাগে ২২ জন, ওয়ারীতে ৪৮ জন, মতিঝিলে ৭২ জন, তেজগাঁওয়ে ৪৫ জন, মিরপুরে ১১২ জন, গুলশানে ৩৫ জন এবং উত্তরা বিভাগে ৫৩ জন রয়েছেন।
অভিযানের সময় একটি বিদেশি রিভলবার, তিনটি গুলি, ৩০ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ১০ হাজার ২৮৭টি ইয়াবা, ১৮টি সিরিঞ্জ, ২৪টি সুই, ইয়াবা সেবনের আটটি ফয়েল পেপার, ১৩টি মোবাইল ফোন, পাঁচটি নিষিদ্ধ লিফলেট, ৫০ হাজার টাকা মূল্যের জাল নোট, একটি ট্রাক, একটি প্রাইভেট কার ও দুটি সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগের ২৪ ঘণ্টায় রাজধানীতে পরিচালিত আরেক অভিযানে ৪৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় বিভিন্ন থানায় মোট ৫৭টি মামলা দায়ের করা হয়।


