বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ছয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এই খবরে দেশজুড়ে শোকের আবহ নেমে এসেছে। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি দেশের ক্রিকেটাঙ্গন থেকেও জানানো হয়েছে গভীর শোক।
জাতীয় দলের একাধিক ক্রিকেটার এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর কয়েকটি ফ্র্যাঞ্চাইজি দল সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা প্রকাশ করেছে।

বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে লেখেন,
“বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করছি। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার, প্রিয়জন এবং দেশবাসীর প্রতি আন্তরিক সমবেদনা জানাই।”
এদিকে ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ শোক প্রকাশ করে লিখেছেন,
“মহান আল্লাহ তাআলা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ স্থান দিন এবং তাঁকে ক্ষমা করুন। তাঁর আত্মার শান্তি কামনা করছি।”
বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলা ব্যাটসম্যান মুশফিকুর রহিম বিসিবির শোকবার্তা সংবলিত একটি ছবি পোস্ট করে লেখেন,
“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে শোক জানিয়ে বলেন,
“তাঁর প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তাঁর রুহের মাগফিরাত দান করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”
বিপিএল ফ্র্যাঞ্চাইজি দলগুলোর প্রতিক্রিয়া
খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলও শোক প্রকাশ করেছে।
রংপুর রাইডার্স তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানায়,
“সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। সারা দেশের মতো শোকাহত রাইডার্স পরিবার। মহান আল্লাহ তা’আলা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।”
সিলেট টাইটানস শোকবার্তায় লিখেছে,
“সিলেট টাইটানস পরিবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। তিনি ছিলেন একজন সাহসী নেতা, যাঁর নিবেদন ও অবদান বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”
অন্যদিকে রাজশাহী ওয়ারিয়র্স তাদের পোস্টে উল্লেখ করে,
“একজন নেতা, যিনি সবচেয়ে কঠিন সময়েও দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে ছিলেন। রাজশাহী ওয়ারিয়র্স পরিবার বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা জানাচ্ছে।”
উল্লেখ্য, খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের সম্পর্কও ইতিহাসের অংশ। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের পর বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দেওয়ার ঘটনাটি এখনো ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে রয়েছে।


