স্মিথের আচরণে ক্ষুব্ধ অস্ট্রেলিয়ান সমর্থক, বললেন ‘রাজকন্যার মতো আচরণ বন্ধ করো’

ডারউইন টেস্টে বাংলাদেশের পেসারদের দাপটে চাপে থাকা অস্ট্রেলিয়ার হয়ে লড়াই করেছেন স্টিভেন স্মিথ। ব্যক্তিগত সর্বোচ্চ ৭১ রান করলেও ব্যাটিংয়ের সময় সাইটস্ক্রিনের সামনে এক ক্যামেরাকর্মীর অবস্থান নিয়ে বারবার আপত্তি জানান তিনি। স্মিথের সেই আচরণে গ্যালারি থেকে এক অস্ট্রেলিয়ান সমর্থক প্রকাশ্যে ক্ষোভ জানান।

ক্রিজে ব্যাট করার সময় স্ক্রিনের সামনে থাকা ক্যামেরাকর্মীকে সরে যেতে বলেন স্মিথ। বিষয়টি নিয়ে তিনি একাধিকবার আপত্তি জানালে গ্যালারি থেকে ওই সমর্থক চিৎকার করে বলেন, ‘শুধু বলটাকে মারো, স্মাজ। রাজকন্যার মতো আচরণ করা বন্ধ করো।’

ক্যামেরাকর্মীকে নিয়ে স্মিথের বিরক্তি এরপরও থামেনি। একপর্যায়ে একই সমর্থক আবার চিৎকার করে বলেন, ‘তুমি খেলার চেয়ে বড় নও, স্টিভি। এটা মেনে নাও।’

স্মিথের আচরণে ক্ষুব্ধ অস্ট্রেলিয়ান সমর্থক, বললেন ‘রাজকন্যার মতো আচরণ বন্ধ করো’

এর আগে হাসান মাহমুদের বলে অস্ট্রেলিয়ার দুই ওপেনার সাজঘরে ফেরার পর ৫২ রানে ২ উইকেট হারিয়ে ব্যাটিংয়ে নামেন স্মিথ। ইনিংসে মাত্র আট বল খেলার পর স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে যান তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে দলের একের পর এক উইকেট পড়ার মধ্যেও নিজের ইনিংস এগিয়ে নেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক। তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ৪৫তম ফিফটি। শেষ পর্যন্ত অবশ্য হাসান মাহমুদের পঞ্চম শিকার হয়ে ৭১ রানে থামতে হয় তাকে।

হাসান মাহমুদ এদিন ক্যারিয়ারসেরা বোলিং করে ৫৫ রানে ৬ উইকেট নেন। এটি তার ক্যারিয়ারের তৃতীয় পাঁচ উইকেটের শিকার এবং তিনটিই এসেছে দেশের বাইরে। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও এবাদত হোসেন দুটি করে উইকেট নেন।

ডারউইনে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম দিনটি ছিল হতাশার। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে বাংলাদেশ স্বাগতিকদের প্রথম ইনিংস ১৯৮ রানে গুটিয়ে দেয়। দিনের শেষে বাংলাদেশ ১ উইকেটে ৯৬ রান সংগ্রহ করে।

দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১৮১ রান। লিড নেওয়ার কাছাকাছি থাকা সফরকারীদের হয়ে তানজিদ তামিম ৭৪ ও নাজমুল হোসেন শান্ত ২৮ রানে অপরাজিত আছেন। মুমিনুল হক ৪৯ রান করে আউট হন।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top