বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা ও অধ্যাপক আসিফ নজরুল। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদের জন্য যোগ্য ব্যক্তি হিসেবে উল্লেখ করেন।
আসিফ নজরুল বলেন, ‘বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিনন্দন, ফখরুল ভাই। বহু বছর পর আমরা পেতে যাচ্ছি রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে।’
রাষ্ট্রপতি পদে আগের দায়িত্ব পালনকারীদের সমালোচনা করে তিনি বলেন, গত দুই দশক ধরে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অনুপযুক্ত ব্যক্তিরা ছিলেন। তাদের কারও বিরুদ্ধে অকর্মণ্যতা, কারও বিরুদ্ধে অক্ষমতা এবং কারও বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ ছিল বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুলের রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরে আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার শাসনামলে বিএনপির মহাসচিব হিসেবে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন, বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন। তার ভাষায়, রাজনীতিবিদদের মধ্যে মির্জা ফখরুল ব্যক্তিত্ববান, মডারেট, সদাচারী ও সুবক্তা হিসেবে অগ্রগণ্য।
এদিকে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বসানোর সিদ্ধান্তের জন্য বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকেও ধন্যবাদ জানিয়েছেন আসিফ নজরুল। তিনি বলেন, স্পিকার পদের পর রাষ্ট্রপতি পদেও উপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান।


