মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিয়োগে স্থানীয় পর্যায়ে বিএনপিপন্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
সারজিস আলমের দাবি, ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতার ব্যবস্থা করার উদ্যোগকে তিনি আগে স্বাগত জানিয়েছিলেন। তবে এখন স্থানীয় পর্যায়ে ওই ব্যবস্থাকে কেন্দ্র করে মসজিদগুলোতে দলীয় প্রভাব বিস্তারের চেষ্টা চলছে বলে অভিযোগ তার।
ফেসবুক পোস্টে তিনি বলেন, গ্রামের অধিকাংশ মসজিদের ইমাম ও মুয়াজ্জিন দীর্ঘদিন ধরে সামান্য বা কোনো সম্মানী ছাড়াই দায়িত্ব পালন করে আসছেন। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের নির্দিষ্ট সময়ে মসজিদে উপস্থিত থাকার কারণে তাদের পক্ষে অন্য কোনো পূর্ণকালীন কাজ করাও কঠিন বলে উল্লেখ করেন তিনি।
সারজিসের অভিযোগ, রাষ্ট্রীয় সম্মানীর আওতায় আসতে যাওয়া মসজিদগুলোতে দীর্ঘদিন দায়িত্ব পালন করা ইমাম-মুয়াজ্জিনদের সরিয়ে দিয়ে নতুন করে বিএনপিপন্থী ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে। তার ভাষ্য, এভাবে স্থানীয় বিএনপি নেতারা মসজিদকে দলীয়করণ ও অনিয়মের ক্ষেত্র হিসেবে ব্যবহার করছেন।
তিনি আরও দাবি করেন, এমন একজন ইমাম তাকে ফোন করে বিষয়টি তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করেছেন। ওই ইমামের বক্তব্য উদ্ধৃত করে সারজিস বলেন, ইমাম ও মুয়াজ্জিনদের জন্য দেওয়া সম্মানী এখন অনেকের জন্য অভিশাপ ও সম্মানহানির কারণ হয়ে দাঁড়িয়েছে।
পোস্টের শেষাংশে সারজিস আলম তারেক রহমানকে এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়ার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, স্থানীয় পর্যায়ে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে সাধারণ মুসল্লিরা তা প্রতিরোধ করতে পারেন।


