ঘোষণার পরও দেওবন্দের আশপাশে দেখা মেলেনি ললিত শর্মার

উত্তরাখণ্ডের দারুল উলুম দেওবন্দকে ঘিরে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু রক্ষা দলের রাজ্য সভাপতি ললিত শর্মার ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার (১১ জুলাই) ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। তবে দিনভর সতর্ক অবস্থানে থাকার পরও ললিত শর্মা দেওবন্দের আশপাশে আসেননি। ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরিস্থিতি শান্ত ছিল।

এর আগে দারুল উলুম দেওবন্দে গঙ্গার পানি দিয়ে ‘অভিষেক’ করার ঘোষণা দিয়েছিলেন ললিত শর্মা। তার ঘোষণাকে কেন্দ্র করে প্রশাসন দারুল উলুমের প্রধান ফটকসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোও পুরো পরিস্থিতির ওপর নজরদারি চালায়।

সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের সতর্ক অবস্থানে রাখা হয়। প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।

এর আগে সোমবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ললিত শর্মার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে উত্তরাখণ্ড পুলিশকে তাকে সামনে এগিয়ে যেতে বাধা দিতে দেখা যায়। ভিডিওতে ললিত শর্মা বলেন, তিনি আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। দারুল উলুম দেওবন্দে ‘অভিষেকের’ জন্য আনা পানি আপাতত তার অফিসে রাখা হবে বলেও জানান তিনি।

পুলিশ প্রশাসন জানিয়েছে, রাজ্যের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দারুল উলুম দেওবন্দসহ কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে দুষ্কৃতিকারীদের প্রবেশ করতে দেওয়া হবে না বলেও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রশাসনের কঠোর সতর্কতার মধ্যে মঙ্গলবার দিনভর দেওবন্দের আশপাশের পরিস্থিতি স্বাভাবিক ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারিও অব্যাহত ছিল।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top