পাকিস্তান সুপার লিগের ১১তম আসরের আগে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে বুধবার উন্মোচন হলো নতুন ট্রফি। নাম দেওয়া হয়েছে ‘ইনফিনিটি ট্রফি’। ঝকঝকে ক্রিস্টাল, সোনালি কাঠামো আর পাকিস্তানের জাতীয় পতাকার চাঁদ-তারায় অনুপ্রাণিত মুকুটে সাজানো এই ট্রফি প্রথম দেখাতেই নজর কেড়েছে।
দেখতে ঠিক কেমন এই ট্রফি
গোলাকার বেসের ওপর থেকে একটি লম্বা ও মসৃণ সোনালি কাঠামো উপরে উঠেছে। মূল অংশে উল্লম্বভাবে বসানো ক্রিস্টাল আলো পড়লে ট্রফিটিকে আরও উজ্জ্বল করে তোলে। দুই পাশের বাঁকানো সোনালি বাহু ওপরে উঠে শীর্ষে মিলেছে।
একেবারে মাথায় রয়েছে চাঁদ-তারার নকশা। চাঁদের অংশে ছোট ছোট ক্রিস্টাল, তার ওপরে চকচকে ধাতব তারা। পুরো ট্রফিটি একটি কালো বৃত্তাকার পেডেস্টালের ওপর বসানো।

মোট ১৮ জন কারিগর এটি তৈরি করেছেন এবং সম্পন্ন করতে লেগেছে প্রায় ২৬০০ ঘণ্টা।
১১তম আসরে নতুন দল, নতুন ভেন্যু
এবারের পিএসএলে অংশ নেবে ৮টি দল। নতুন দুটি দল হলো পিন্ডিজ ও হায়দরাবাদ কিংসমেন। ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত মোট ৪৪টি ম্যাচ হবে।
উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স হায়দরাবাদ কিংসমেনের মুখোমুখি হবে। প্রতিটি দল ১০টি ম্যাচ খেলে শীর্ষ চার দল প্লে-অফে উঠবে। ফাইনাল হবে ৩ মে গাদ্দাফি স্টেডিয়ামে।
এবার প্রথমবারের মতো ফয়সালাবাদ ও পেশোয়ারে পিএসএল ম্যাচ আয়োজন হবে। এছাড়া করাচি, লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডিতেও ম্যাচ থাকবে।


