হাম ও হামের উপসর্গে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৯০৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০১ জনের শরীরে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪২ হাজার ছাড়িয়েছে। পরীক্ষায় প্রায় ১৮ হাজার রোগীর শরীরে হাম নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলমান প্রাদুর্ভাবে মারা যাওয়া ৯০৮ জনের মধ্যে ৮০৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। আর নিশ্চিতভাবে হাম আক্রান্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ৯৯ জনের।
হাম অত্যন্ত সংক্রামক হওয়ায় আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার পাশাপাশি সংক্রমণ ঠেকাতে টিকাদানের ওপর জোর দেওয়া হচ্ছে। ইউনিসেফের তথ্য অনুযায়ী, শিশুদের নিয়মিত টিকাদানে ঘাটতি চলমান প্রাদুর্ভাবের অন্যতম কারণ। বিশেষ করে টিকা না পাওয়া এবং অসম্পূর্ণ টিকা নেওয়া শিশুরা বেশি ঝুঁকিতে রয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় সরকার ও আন্তর্জাতিক অংশীদাররা জরুরি টিকাদান কার্যক্রম জোরদার করেছে। ইউনিসেফ জানিয়েছে, শুরুতে ১৮ জেলার ৩০টি উচ্চঝুঁকির উপজেলায় জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি নেওয়া হয়েছিল। পরে কর্মসূচির আওতা আরও বাড়ানো হয়।


