এসএসসি পাস শিক্ষার্থীদের জন্য ৯টি বৃত্তি, আবেদন ও যোগ্যতা এক নজরে

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৯টি উল্লেখযোগ্য শিক্ষাবৃত্তি রয়েছে। এর মধ্যে কয়েকটির আবেদন বর্তমানে চলমান, আবার কয়েকটির জন্য নতুন বিজ্ঞপ্তির অপেক্ষা করতে হবে। বৃত্তিগুলোর তথ্য তালিকা অনুযায়ী দেওয়া হলো।

১. বোর্ড বৃত্তি (সরকারি)
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রতিবছর মেধা ও সাধারণ বৃত্তি দিয়ে থাকে। ফল প্রকাশের কয়েক মাস পর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

২. ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি
মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য এ বৃত্তি দেওয়া হয়। সিটি করপোরেশন ও জেলা শহরের শিক্ষার্থীদের চতুর্থ বিষয় বাদে জিপিএ-৫ এবং গ্রামীণ ও অনগ্রসর এলাকার শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ ৪.৮৩ প্রয়োজন।

বৃত্তির আওতায় মাসে ২ হাজার ৫০০ টাকা, পাঠ্য উপকরণের জন্য বছরে ২ হাজার ৫০০ টাকা এবং পোশাকের জন্য ১ হাজার টাকা দেওয়া হয়। অনলাইনে আবেদন করা যাবে ৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। নির্বাচিতদের তালিকা প্রকাশের তারিখ ২২ সেপ্টেম্বর।

৩. শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
এইচএসসি পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য বিবেচিত হন। সিটি করপোরেশন এলাকায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ এবং অন্যান্য বিভাগে ৪.৮০ প্রয়োজন। অন্যান্য এলাকার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে ৪.৮০ ও অন্যান্য বিভাগে ৪.৫০ প্রয়োজন। অভিভাবকের বার্ষিক আয় ২ লাখ টাকার কম হতে হবে।

আবেদনের শেষ সময় ২৭ আগস্ট ২০২৬।

৪. প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তি হওয়া আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের এ সহায়তা দেওয়া হয়। অভিভাবকের বার্ষিক আয় ৩ লাখ টাকার কম হওয়ার শর্ত রয়েছে। তবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আবেদন ইতোমধ্যে শেষ হয়েছে।

৫. সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি
সোনালী ব্যাংক পিএলসি তাদের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় দরিদ্র ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের সহায়তা করে। নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হলে নির্ধারিত নিয়মে আবেদন করতে হবে।

৬. সমন্বিত উপবৃত্তি কর্মসূচি
সরকারের এ কর্মসূচির আওতায় একাদশ শ্রেণির যোগ্য শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হয়। তবে অন্য কোনো সরকারি উৎস, শিক্ষা বোর্ডের মেধা বা সাধারণ বৃত্তি কিংবা অভিভাবকের শিক্ষা ভাতা পাওয়া শিক্ষার্থীরা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন না।

৭. ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বৃত্তি
প্রবাসী কর্মীদের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সন্তানদের জন্য এ বৃত্তির ব্যবস্থা রয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বা কল্যাণ বোর্ডের বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনের সুযোগ দেওয়া হয়।

৮. মেঘনা গ্রুপের ‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান’
প্রান্তিক পর্যায়ের চা-দোকানিদের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া সন্তানদের জন্য এ সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি কর্মসূচি। সুবিধার মধ্যে রয়েছে এককালীন উপবৃত্তি, এইচএসসি কোর্সের অনলাইন অ্যাক্সেস, সনদ, ক্রেস্ট ও বিশেষ উপহার। আবেদন করা যাবে ২৫ আগস্ট ২০২৬ পর্যন্ত এবং এতে কোনো আবেদন ফি নেই।

৯. মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন
যুক্তরাষ্ট্রভিত্তিক এ দাতব্য সংস্থা আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিকে ভর্তি এবং মাসিক বৃত্তির জন্য অর্থায়ন করে। চলতি বছরের নতুন বিজ্ঞপ্তি অফিশিয়াল প্ল্যাটফর্মে প্রকাশের পর আবেদন করা যাবে।

আবেদনের আগে প্রতিটি বৃত্তির অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া যোগ্যতা, শর্ত ও প্রয়োজনীয় কাগজপত্র ভালোভাবে দেখে নেওয়া জরুরি। ভুল তথ্য বা অসম্পূর্ণ নথি জমা দিলে আবেদন বাতিল হতে পারে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top