যুক্তরাষ্ট্রে আরও ১ লাখ ৭৫ হাজার ভিসা বাতিল, জানাল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রে আরও ১ লাখ ৭৫ হাজার ভিসা বাতিল করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। ভিসার শর্ত লঙ্ঘন, জালিয়াতি, সহিংসতার আহ্বান, অপরাধমূলক কর্মকাণ্ড এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিসহ বিভিন্ন কারণে এসব ভিসা বাতিল করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর শুরু হওয়া ব্যাপক অভিবাসনবিরোধী অভিযানের অংশ হিসেবে ভিসা বাতিলের এই কার্যক্রম চালানো হচ্ছে। এর আওতায় বৈধ ভিসাধারীসহ বিপুলসংখ্যক বিদেশি নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ধারাবাহিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে ভিসাধারীদের কর্মকাণ্ড পর্যালোচনা করা হচ্ছে। ভিসার শর্ত মেনে চলা এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সম্ভাব্য ঝুঁকি তৈরি করছে কি না—এসব বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে।

দপ্তরের তথ্য অনুযায়ী, হামলা, মাতাল অবস্থায় গাড়ি চালানো, চুরি এবং মাদকসংক্রান্ত অপরাধের মতো কর্মকাণ্ড ভিসা বাতিলের অন্যতম কারণ। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সংঘর্ষ এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রেও ভিসা বাতিল করা হয়েছে।

উত্তর আফ্রিকার একটি মার্কিন দূতাবাস ১০০টির বেশি দম্পতির ভিসাও বাতিল করেছে। এসব দম্পতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে ভ্রমণের অভিযোগ রয়েছে, যাতে সন্তান জন্মের মাধ্যমে মার্কিন নাগরিকত্ব পাওয়ার সুযোগ তৈরি হয়। এই ধরনের ভ্রমণকে ‘বার্থ ট্যুরিজম’ বলা হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারেন—এমন বিদেশি নাগরিকদের শনাক্ত ও তদন্ত অব্যাহত থাকবে। দপ্তরের ভাষ্য, মার্কিন ভিসা কোনো অধিকার নয়; এটি একটি বিশেষ সুবিধা। কেউ এই সুবিধার অপব্যবহার করলে ভিসা বাতিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, এক লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে। সে সময়ের হিসাবটি ছিল রেকর্ডসংখ্যক। নতুন ঘোষণায় সেই সংখ্যাকে ছাড়িয়ে আরও ১ লাখ ৭৫ হাজার ভিসা বাতিলের তথ্য জানানো হয়েছে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top