অবসরের ভাবনা কাটিয়ে মাঠে ফিরলেন আবার লিসান্দ্রো মার্টিনেজ

এসিএল চোটে দীর্ঘ পুনর্বাসনের কঠিন সময় পার করতে গিয়ে একসময় ফুটবল থেকেই সরে দাঁড়ানোর কথা ভেবেছিলেন আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। তবে সেই মানসিক লড়াই জিতে এখন আবার জাতীয় দলের জার্সিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে গোল করার দিনই নিজের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন অধ্যায়ের কথা তুলে ধরেছেন লিসান্দ্রো মার্টিনেজ। বিশ্বকাপজয়ী এই সেন্টার ব্যাক জানিয়েছেন, গত বছর এসিএল চোটে আক্রান্ত হওয়ার পর তিনি অবসর নেওয়ার কথাও গুরুত্বের সঙ্গে ভেবেছিলেন।

সম্প্রতি সেই সময়ের অভিজ্ঞতা স্মরণ করে মার্টিনেজ বলেন, “গত বছর এসিএল ইনজুরিতে পড়ার পর আমি ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলাম। আমি আর কষ্ট পেতে চাইনি!”

অবসরের ভাবনা কাটিয়ে মাঠে ফিরলেন আবার লিসান্দ্রো মার্টিনেজ

সবচেয়ে কঠিন লড়াই ছিল এসিএল চোট

ক্যারিয়ারে চোটের সঙ্গে এই প্রথম লড়তে হয়নি মার্টিনেজকে। এর আগেও পায়ের পঞ্চম মেটাটারসাল হাড়ে চিড় ধরাসহ একাধিক ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। তবে এসিএল চোটের অভিজ্ঞতা ছিল একেবারেই আলাদা।

তার ভাষায়, “আমি এর আগেও পায়ে অন্যান্য ইনজুরির শিকার হয়েছিলাম, যখন আমার পঞ্চম মেটাটারসাল হাড়েও চিড় ধরেছিল। কিন্তু সত্যি বলতে, এটাই ছিল সবচেয়ে ভয়াবহ।”

দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা, কঠিন পুনর্বাসন প্রক্রিয়া এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা—সব মিলিয়ে সেই সময়টা তার জন্য মানসিক ও শারীরিকভাবে বড় পরীক্ষায় পরিণত হয়েছিল।

তবে হতাশার সেই মুহূর্ত শেষ পর্যন্ত তাকে থামাতে পারেনি। অবসরের চিন্তা মাথায় এলেও পুনর্বাসনের পথ পেরিয়ে আবারও মাঠে ফিরেছেন এই আর্জেন্টাইন ডিফেন্ডার। জাতীয় দলের হয়ে গোল করে তিনি দেখিয়ে দিয়েছেন, কঠিন সময় কাটিয়ে আগের ছন্দে ফেরার লড়াইয়ে তিনি সফলভাবেই এগিয়ে চলেছেন।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top